কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬ বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া বালুখালী খালের পাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আনজুমানপাড়া বালুখালী খালের পাড়ে অবস্থান নেয়। প্রায় ২টা ৩০ মিনিটের দিকে দুই ব্যক্তি আনজুমানপাড়া থেকে মালামাল নিয়ে বালুখালী খাল দিয়ে পানিতে ভাসিয়ে ইউরিয়া সার ও সয়াবিন তেল মিয়ানমারে পাচারের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন।
পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে আব্দুর রহমান (২০), পিতা আবু বক্কর সিদ্দিক, গ্রাম আনজুমানপাড়া এবং মো. আলী (২৪), পিতা মৃত ইউসুফ আলী, গ্রাম পালংখালী—উভয়কে আটক করেন। তাঁদের বাড়ি উখিয়া উপজেলার বালুখালী ডাকঘর এলাকায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে বাংলাদেশি সার, তেল ও অন্যান্য পণ্য মিয়ানমারে পাচার রোধে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারিদের চিহ্নিত করে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করার কার্যক্রমও চলছে।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পাচার প্রতিরোধে এলাকাবাসী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

