কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন খান ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিম খানের বাড়িও ঢাকায় বলে জানা গেছে। পানিতে ভেসে যাওয়ার পর উদ্ধারকর্মীরা ইয়াছিনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিখোঁজ ইব্রাহিম খানকে উদ্ধারে সৈকতজুড়ে অভিযান চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফ গার্ড, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিমসহ ১১০ জনের একটি দল ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিল। তারা কলাতলীর হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিলেন। দলের অনেক সদস্য ‘আই জেট কেপি’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত এবং কয়েকজন শিক্ষার্থী রয়েছেন।
দুপুরে দলটির কয়েকজন একসঙ্গে সাগরে গোসলে নামলে হঠাৎ উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ইয়াছিন ও ইব্রাহিম ভেসে যান। ইয়াছিনকে উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপরদিকে ইব্রাহিমের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

