কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুন পাড়ার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়ার মো. তারেক (১৯)।
র্যাব-১৫ জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি করছিল। এ সময় টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হলে ড্রাইভারের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। উদ্ধার ইয়াবা, পিকআপ ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

