এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ‘জিপিএ-৫ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরিফী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম আবরার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মিশকাতুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য মাওলানা মুহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাতার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি আব্দুল বাতেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক নেজামী।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়। নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের পর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মেয়ে শিক্ষার্থীদের পক্ষে তাঁদের অভিভাবকরা উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ রবিউল হাসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মুর্শেদুল আলম কাউছারসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

