ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর শংকর চন্দ্র মন্ডল (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৮ আগস্ট সকালে ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকায় সীমা সিনেমা হলের রাস্তার পাশে ওবায়েদিল হাজীর মালিকানাধীন একটি রাইস মিলের অফিসে শংকর চন্দ্র মন্ডলকে হাত-পা বেঁধে রড ও কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হলে পরিবারের সদস্যরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। পরে ১৫ আগস্ট ভোরে নিজ বাড়িতে শংকর চন্দ্র মন্ডলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
র্যাবের দাবি, ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় ওয়াজেদ হাজীর অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওয়াজেদ হাজী ধামরাই উপজেলার শরীফবাগ গ্রামের মৃত ডাউরি ব্যাপারীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

