“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি লুৎফুর রহমান কাজল বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। বনাঞ্চলের আশপাশে বসবাসকারী মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে চারা বিতরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মাহমুদ পাশা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সারি উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষমেলায় জেলার বিভিন্ন নার্সারি উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলায় ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের সমাহার ঘটেছে। সপ্তাহব্যাপী এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির গাছ ও চারা সংগ্রহের সুযোগ পাবেন।

