উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জোনায়েত (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সীমান্তবর্তী পালংখালী পানির পয়েন্টের উত্তর দিকে পোগরবুলখালী হোসেন বলীর ঘেরের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. জোনায়েত উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৬, ব্লক-সি-২, সুবলংকাটা এলাকার বাসিন্দা। তিনি নুরু হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে লুঙ্গি দিয়ে প্যাঁচানো দুটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
তল্লাশি চালিয়ে তার হাতে থাকা পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩১ কার্টনে মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

