কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের পূর্ব নতুন বাহারছড়ায় চেতনানাশক খাওয়ানোর পর স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির অভিযোগে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ১১টার মধ্যে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নতুন বাহারছড়ায় এ ঘটনা ঘটে।
আটক কিশোরী রাফি মনি (১৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনার পাড়া এলাকার বাসিন্দা। সে ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত।
পুলিশের তথ্য অনুযায়ী, আগের রাতে বাসার গৃহকর্ত্রী আফরিনা আল মাছিন (৩৮) রাতের খাবার খাওয়ার পর গৃহকর্মী রাফি মনি দুধ ও পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ রয়েছে। পরে বাড়ি থেকে এক জোড়া স্বর্ণের চুড়ি, আংটি, চেইন-লকেটসহ স্বর্ণালংকার এবং একটি iPhone 16 ও একটি Oppo মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
বিষয়টি জানার পর কক্সবাজার সদর থানার একাধিক টিম অভিযান শুরু করে। দীর্ঘ সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাফি মনিকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে একটি জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের আংটি, দুই জোড়া কানফুল, একটি স্বর্ণের চেইন, একটি iPhone 16 এবং একটি Oppo Reno 8T মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন পৃথকভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

