কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২১ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে একজন চোর/ছিনতাইকারী, ১৬ জন মাদকসেবী, দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন ধর্তব্য অপরাধের আসামি এবং একজন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে চোর/ছিনতাইকারী হিসেবে মনজুর আলম (৩১)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে টেকনাফ ও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দ্রুত বিচার আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া মাদকসেবী হিসেবে মোহাম্মদ আবির, মেহেদী হাসান অন্তর, উসিম্রা রাখাইন, মো. সৈয়দ আলম, সাগর, মোহাম্মদ ওসামান, মোহাম্মদ আদনান, আব্দুল খালেক, মো. রাফি, ওয়াহিদ, মো. রমজান, সাজ্জাদ হোসেন, ওমর ফারুক, মো. দিদার, শাহাদাত কিবরিয়া ও তাফহীম রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জামাল হোছাইন ও মনজুর আলমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ধর্তব্য অপরাধে বদিউল আলম ও নিয়মিত মামলায় মো. মানিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও ছিনতাই প্রতিরোধে সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

