কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার নলবনিয়া বুছারগুনা এলাকার নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান চালায়।
বিজিবি জানায়, এ সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিদের বহন করা পোটলায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

