নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. হোছন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে সদর মডেল থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ছাত্তার ঘোনা পাহাড়ের পাদদেশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাতের মোবাইল-৩ ডিউটিতে থাকা এসআই মিঠুন পালিত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পাহাড়তলী এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়েছে।
সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া, এসআই রিয়াদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪-৫ জন পালানোর চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে থাকা মো. হোছনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হোছনের হেফাজত ও পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

