নিজস্ব প্রতিবেদক::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় সিমেন্ট, সার ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। আটক মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭২ হাজার ২১৫ টাকা।
১১ বিজিবির প্রেস রিলিজে জানানো হয়, শুক্রবার (২ অক্টোবর) চোরাচালানবিরোধী ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাটালিয়নের টহল দল হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, তিনছড়ি ও বাকখালী নদী সংলগ্ন ব্রিজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৫০ কেজি বিভিন্ন ধরনের সার, ৮১ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়।
আটক সারগুলোর মধ্যে রয়েছে—১০০ কেজি ইউরিয়া, ৩৫০ কেজি টিএসপি, ১৫০ কেজি ডিএপি এবং ৫০ কেজি পটাস। এছাড়া ১৯৮ দশমিক ২৫ ঘনফুট কাঠের মধ্যে ১৭৭ দশমিক ৭৭ ঘনফুট লালি গোল কাঠ এবং ২০ দশমিক ৪৮ ঘনফুট আকাশমনি কাঠ রয়েছে।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অস্ত্র-মাদক পাচার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেল, ভোজ্য তেল ও সিমেন্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
পাশাপাশি দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধেও সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চলছে বলে জানিয়েছে ১১ বিজিবি।

