নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর প্রেস রিলিজে জানানো হয়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পুরুল্লার ঘাট এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে হেফাজত থেকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—উখিয়ার কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্পের নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)।
এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

