কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার। এ সময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে কক্সবাজার শহরের দিকে আসছে। তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি দল লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।
পরে ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)।
এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।
উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

