নিজস্ব প্রতিবেদক | সমুদ্র বেলা
কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় দুই ব্যক্তি।
সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
৬৪ বিজিবির অধিনায়কের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে ৭ নম্বর বিজিবি পোস্টসংলগ্ন সেলিম আহম্মেদের মাছের ঘের এলাকায় মিয়ানমার থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে টহল দল। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক পাচার ও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সমুদ্র বেলা — বস্তুনিষ্ঠ সংবাদের গর্বিত সারথি।

