নিজস্ব প্রতিবেদক | সমুদ্র বেলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস বার্মিজ ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির টহলদল সীমান্ত পিলার ৪৯/১ এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাটুভাঙ্গাটিলা এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া এলাকার হাজিরমাঠ গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. আমানুল হক (৩৮) এবং লেম্বুছড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মো. রফিক (২০)।
বিজিবি জানায়, আটকের পর দুজনকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করে জব্দ করা মালামালসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
১১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

