নিজস্ব প্রতিবেদক | সমুদ্র বেলা
কক্সবাজারের টেকনাফে আপন বোনকে হত্যার বহুল আলোচিত মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ ইদ্রিস (৪০)-কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, হত্যা মামলার পলাতক আসামি মিঠাপানিরছড়া এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামি টেকনাফ মডেল থানায় দায়ের করা আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

