নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
২ বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের চেষ্টা করা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সকাল ১০টা থেকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল।
পরে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনজনকে বহনকারী একটি ইজিবাইক সন্দেহজনকভাবে লেদা বাজার অতিক্রম করলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে বহন করা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়।
বিজিবি জানায়, তল্লাশিকালে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, একটি বড় দেশীয় একনলা বন্দুক, একটি ছোট দেশীয় একনলা বন্দুক এবং ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়েছে।
আটক তিনজন হলেন—মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবি জানায়, তারা কুতুপালং ও মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

