নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাইফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন তানযিমুল আফনান টেকনাফের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ, সাবরাং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ বিএ এবং জামিয়া এমদাদিয়া লেঙ্গুরবিল বড় মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মোহাম্মদ ইয়াকুব।
অনুষ্ঠানে কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে অতিথিরা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষার্থীদের অভিভাবক, সহপাঠী ও বন্ধুদের পক্ষ থেকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—টেকনাফের গোদার বিল এলাকার শামসুল আলমের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র হাফেজ মোহাম্মদ রিদুয়ান, মিঠাপানির ছড়া এলাকার আব্দুল মাজেদের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র হাফেজ মোহাম্মদ হাবিব এবং ইসলামাবাদ এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র হাফেজ নাফিসুর রহমান রুহান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “টেকনাফকে শিক্ষার আলোয় সাজাতে হবে।” কোমলমতি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে কুরআন হিফজ সম্পন্ন করার প্রশংসা করে তিনি বলেন, তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও উচ্চতর শিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের টেকনাফের সুনাম উজ্জ্বল করার পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও আয়োজনের প্রশংসা করেন। সাধারণ শিক্ষার পাশাপাশি সমন্বিত ধর্মীয় শিক্ষা প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি শিক্ষার আলো বিস্তারে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
প্রধান আলোচক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তানযিমুল আফনান টেকনাফ তাঁর বাবার স্বপ্নের প্রতিষ্ঠান। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি কুরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞানচর্চার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের বাবা-মা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শিক্ষক ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

