কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত হাফেজ শফিক (১৯) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের বাসিন্দা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি আঘাতপ্রাপ্ত গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও আলামতসহ হাফেজ শফিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

