নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলমসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বন বিভাগ।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
বন বিভাগ সূত্র জানায়, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি দল ঘটনাস্থলে যায়। উচ্ছেদ কার্যক্রম চলাকালে ভূমিদস্যু ও দখলদারদের একটি সংঘবদ্ধ দল বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হওয়ার পাশাপাশি অভিযানে ব্যবহৃত সরকারি সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হতে পারে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় আইনানুগ অভিযান পরিচালনার সময় বনকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগ জানিয়েছে, হামলায় জড়িতদের মধ্যে পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার কয়েকজনের নাম প্রাথমিকভাবে উঠে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বনকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চল দখল করে অবৈধ পানের বরজ, বসতঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এসব দখল উচ্ছেদে অভিযান পরিচালনার সময় প্রায়ই বনকর্মীদের বাধা, হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে।

