আগামী শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের মতো কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নীতিমালার খসড়া পাঠিয়েছে।
সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, গতবারের নিয়মই বহাল রাখা হয়েছে। এবারও ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ফলের ভিত্তিতেই অধিকাংশ কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি কলেজে আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখের বেশি। আর এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। ফলে আগের মতো এবারও উচ্চমাধ্যমিক পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।

