কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ রিসোর্টে মাদক কারবারে জড়িত এক রহস্যময়ী নারীর সাথে গোপনে মিলিত হন রামু কলেজ ছাত্রদলের সভাপতি মো. কায়েশ। অভিযোগ উঠেছে- বয়সে অন্তত ১০ বছর বড় এক নারীর যোগসাজসে মাদক পাচারে জড়িয়েছেন অবিবাহিত এই ছাত্রনেতা। তথ্যসূত্র যাচাই করে জানা যায়- গত ২১ জুলাই কলাতলীর ওয়াল্ড বীচ রিসোর্টের *১৭ নাম্বার কক্ষে অজ্ঞাত এই নারীর সাথে অবস্থান করতে এক রাতের জন্য বুকিং করেন। ওইদিন যথা সময়ে সকাল সাড়ে ৯টার দিকে নারী সহ প্রবেশ করতে দেখা যায় কায়েশকে। সেখানে তারা প্রায় ৫০ হাজার পিস ইয়াবার লেনদেন করেন বলে জানা যায়। রিসোর্টটির অতিথি রেজিষ্ট্রেশন নথিতে উল্লেখ রয়েছে- ওই নারীর নাম মাইউ মারমা। বয়স ৩৭। আর কায়েশের বয়স ২৭। পিতার নাম উল্লেখ করা হয়েছে আব্দুর রহিম।
নথিতে থাকা মুঠোফোন নাম্বারটি যাচাই করে জানা যায় এটি কায়েশ ব্যবহার করে থাকেন। পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করে বক্তব্য জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপরে বিভিন্ন মাধ্যমে একাধিক বার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

