রামু স্টেশন সংলগ্ন দুবাই ফিউচার পার্কের পাশ থেকে ২০ হাজার পিচ ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকৃত ইয়াবাগুলো বর্তমানে জাহাঙ্গীর আলম বাদশা ও কামাল নামে দুই চিহ্নিত মাদক কারবারীর নিকট মজুদ রয়েছে বলে জানা গেছে। ঘটনার জের ধরে মাদক চালানকারীদের একটি পক্ষ সংশ্লিষ্ট এক নারীকে অপহরণ করে ছিনতাইকৃত মাদকের বিনিময়মূল্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে তারা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী- রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামুর দুবাই ফিউচার পার্কের উত্তর পাশে জাহাঙ্গীর আলম বাদশা ও কামাল পূর্ব নির্ধারিত স্থানে উপস্থিত হন। মাদক চালানকারী সেখানে পৌছালে ইয়াবাগুলো ছিনতাই করে নিয়ে যায়।
জানা যায়- মাদক চালানকারী ব্যাক্তি গর্জনিয়ার কম্বনিয়া এলাকার হলেও সে উক্ত মাদক ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত কামালের নিকটাত্মীয়। তবে কামালের বাড়ি ঝিলংজার পূর্ব খরুলিয়ার ডেইঙ্গা পাড়ায়। সে মৃত গোলাম আকবরের ছেলে। আর জাহাঙ্গীর আলম বাদশা একই এলাকার নোয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এদিকে ঘটনার জের ধরে মাদক ছিনতাইয়ের শিকার ব্যাক্তি পারিবারিক সম্পর্কের সুবাদে অভিযুক্ত কামালের মাকে ফোনে ডেকে নেন। পরে সেখানে ওই নারীকে বন্দী করে রেখে জিম্মি করেন। এভাবে ছিনতাইকৃত মাদকের বিনিময়মূল্য উদ্ধারে ব্যর্থ হলে কামাল ও জাহাঙ্গীর রামু থানা পুলিশের একটি অংশকে তথ্য গোপন করে কাজে লাগাতে চেষ্টা করে।

