দেশের সর্ব উত্তরের জেলা হিমালয়ঘেঁষা পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের সমুদ্রনগরী কক্সবাজার পর্যন্ত সরাসরি ব্রডগেজ/ডুয়েলগেজ রেলপথে ট্রেন চলাচলের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বাস্তবায়ন হলে এটি হবে দেশের ইতিহাসে দীর্ঘতম রেল রুট।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাবিত রেলপথের দূরত্ব প্রায় ১ হাজার ৭৭ কিলোমিটার। দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও বিস্তৃত ও সংযুক্ত করতে পাঁচটি পৃথক প্রকল্পের সমন্বয়ে এই রুট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই রুট চালু হলে দেশের উত্তরাঞ্চল থেকে সরাসরি পর্যটননগরী কক্সবাজারে যাতায়াতের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পঞ্চগড়-কক্সবাজার রেল সংযোগ চালু হলে নতুন করে প্রায় ২০টি আন্তঃনগর ট্রেন পরিচালনার সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি বিদ্যমান ও নতুন রুট মিলিয়ে এই রেলপথে প্রায় আড়াইশ ট্রেন পরিচালনা করা সম্ভব হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ-পূর্ব উপকূল পর্যন্ত দীর্ঘ রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। এতে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আন্তঃআঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

