নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ দশমিক ৭ কেজি কাভারবিহীন ও কাভারযুক্ত বৈদ্যুতিক তামার তার উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। এ ঘটনায় সাগরিকা (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি অভিযানিক দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মফসেল (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে খাটের নিচে বৈদ্যুতিক তামার তার পাওয়া যায়। পুলিশের দাবি, আটক সাগরিকার দেখানো ও তার নিজ হাতে বের করে দেওয়ার পর কাভারবিহীন ও কাভারযুক্ত মোট ১২০ দশমিক ৭ কেজি তামার তার উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা তারগুলো চোরাই এবং বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে সাগরিকাকে আটক করা হয়েছে। তিনি পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মফসেলের স্ত্রী।
ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্ত মফসেল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক সাগরিকা ও পলাতক মফসেলের বিরুদ্ধে এজাহার দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

