দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে মোট ৩৪৯ ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ পান ৮৮ ভোট। সরকারি ও বিরোধী দলের ছয়জন সংসদ সদস্য ভোটদানে অনুপস্থিত ছিলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। সংসদে ক্ষমতাসীন বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত ছিল। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবার ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতিরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। প্রায় ৩৫ বছর পর এবার আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হলো।

