শাহজালাল শাহেদ, চকরিয়া
চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৭ জন উপকারভোগীর মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল চারটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। তিনি আনুষ্ঠানিকভাবে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগীর মাঝে এসব মানবিক সহায়তা তুলে দেন।
এব্যাপারে চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী জানান, ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ১৭ জন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। এ অর্থের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার পণ্যসামগ্রী, মুদি মালামাল, ছাগল এবং সেলাই মেশিন ক্রয়ের সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে সম্মানজনক জীবিকা নিশ্চিত করতে সরকারের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুনর্বাসন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

