
ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ‘ডাকাতের’ আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ জব্দ সহ এক নারীকে আটক করেছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা ঘোনার পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় জনৈক নুরুল আবছারের (৩৭) আস্তানায় অভিযান চালানো হয়।
জানা গেছে- রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল রামু গর্জনিয়ায় নুরুল আবছারকে টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নুরুল আবছার তার সহযোগীরা পালিয়ে যায়।
পরবর্তীতে অভিযানিক দল রামু গর্জনিয়া তদন্ত পুলিশ এবং স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে অভিযুক্তদের আশ্রীত বাড়ির গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে ১টি (ডামি) পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তল এর বুলেট, ৬টি রাইফেল এর বুলেট, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন ফোন এবং অভিযুক্তদের ফেলে যাওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে দাবী করেছে অভিযানিক দল। এসময় আবছারের ঘনিষ্ঠ ফাতেমা বেগম (২৫) নামের এক নারীকেও আটক করা হয়।
প্রসঙ্গত, নুরুল আবছার হত্যা, গুম, ধর্ষণ,অপহরণ, চাঁদাবাজি, চোরাকারবারি,মাদক ব্যবসায় জড়িত বলে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ প্রায় ১০টি মামলা রয়েছে।