ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দকে ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে শিবলিঙ্গ রয়েছে—এমন দাবি করে সেখানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধীকরণ ও প্রার্থনার ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’।
গত ৮ আগস্ট এক ভিডিও বার্তায় সংগঠনটির উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা জানান, জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে একটি দল মঙ্গলবার (১১ আগস্ট) হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাবে এবং তা সেখানে নিবেদন করবে।
ললিত শর্মার দাবি, দারুল উলুম দেওবন্দের চত্বরে একটি শিবমন্দির রয়েছে এবং মন্দির ভেঙে ওই মুসলিম স্থাপনা তৈরি করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, বিষয়টি তদন্তের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাইলেও তারা কোনো সাড়া পাননি।
এদিকে হিন্দু সংগঠনটির ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং জানিয়েছেন, কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে দেওয়া হবে না। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দারুল উলুম দেওবন্দ ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান। সংগঠনটির ঘোষণাকে ঘিরে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
সূত্র: মুসলিম মিরর ও টাইমস অব ইন্ডিয়া

